দেশে প্রথম শেয়ারএবল সরকারি জিপিইউ ক্লাউড উন্মুক্ত

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১২:২৩

দেশে উচ্চতর শিক্ষা, গবেষণা এবং মেশিন লার্নিংভিত্তিক স্কিল ডেভেলপমেন্ট ত্বরান্বিত করতে উচ্চক্ষমতার জিপিইউ ক্লাউড অবকাঠামো চালু করা হয়েছে। বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি (বিএইচটিপিএ) এই উদ্যোগ বাস্তবায়ন করেছে।

আজ বুধবার (১৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তার পোস্টে উল্লেখ করা হয়, সরকারি খাতে এটি দেশের প্রথম শেয়ারএবল জিপিইউ ক্লাউড ফ্যাসিলিটি।

পোস্টে জানানো হয়, এই অবকাঠামোর আওতায় এনভিডিয়া ভোল্টা আর্কিটেকচার টেনসর কোরভিত্তিক ২০টির বেশি জিপিইউ একটি ‌ক্লাউড রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে ইন্টিগ্রেট করা হয়েছে। পুরো ক্লাউড অবকাঠামোর রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে থাকবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর ন্যাশনাল ডেটা সেন্টার টিম।

এই জিপিইউ ক্লাউড ব্যবহার করে মেশিন লার্নিংভিত্তিক ডেটাসেট ট্রেনিং, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল সিমুলেশন, ইনফারেন্স টেস্ট, থ্রেট ইন্টেলিজেন্স বিশ্লেষণ, জিও-সায়েন্স মডেলিংসহ বিভিন্ন হাই পারফরম্যান্স কম্পিউটিং কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, স্পেসিফিকেশন অনুযায়ী একটি জিপিইউ প্রায় ৪৫টি সিপিইউর সমতুল্য কম্পিউটেশন সক্ষমতা প্রদান করে। সে হিসাবে এই অবকাঠামোটি ৯০০টির বেশি সিপিইউ সমান কম্পিউটেশন শক্তি দিতে সক্ষম। সম্মিলিতভাবে এই ক্লাউড সর্বোচ্চ ২,২৪০ টেরাফ্লপস ডিপ লার্নিং ক্যাপাসিটি অফার করতে পারবে।

এই উদ্যোগের ফলে নিজস্ব ব্যয়বহুল হার্ডওয়্যার ছাড়াই দেশীয় গবেষক, শিক্ষার্থী, স্টার্টআপ, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটানির্ভর গবেষণার কাজ করার সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।

পোস্টে জানানো হয়, যারা ছোট বা মাঝারি আকারের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল ট্রেনিং, সিমুলেশন কিংবা ইনফারেন্স টেস্ট করতে আগ্রহী, তারা বিসিসির datacenter@bcc.gov.bd ঠিকানায় ই-মেইলের মাধ্যমে আগ্রহ প্রকাশ করতে পারবেন।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন