কম্পিউটিং ও ক্লাউড শক্তি বাড়াতে ১০ বিলিয়ন ডলার ব্যয় করবে ওপেনএআই
কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় প্রতিযোগিতা যখন তুঙ্গে, তখন আরও দ্রুত ও শক্তিশালী সেবা দিতে বড় সিদ্ধান্ত নিল ওপেনএআই। বিপুল পরিমাণ কম্পিউটিং সক্ষমতা নিশ্চিত করতে তারা চিপ নির্মাতা সেরেব্রাসের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে যাচ্ছে। এই চুক্তি চ্যাটজিপিটির ভবিষ্যৎ সক্ষমতাকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
আগামী তিন বছরে ওপেনএআই সেরেব্রাসের কাছ থেকে সর্বোচ্চ ৭৫০ মেগাওয়াট কম্পিউটিং শক্তি কিনবে। বুধবার দুই প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে জানা গেছে, পুরো চুক্তির আর্থিক মূল্য ১০ বিলিয়ন ডলারের বেশি। কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে এগিয়ে থাকতে এবং বাড়তে থাকা ব্যবহারকারীর চাহিদা মেটাতেই এই উদ্যোগ নিয়েছে ওপেনএআই।
চুক্তি অনুযায়ী, সেরেব্রাস তাদের নিজস্ব চিপ ব্যবহার করে ডেটা সেন্টার নির্মাণ অথবা ভাড়া নেবে। সেই ডেটা সেন্টার থেকেই ওপেনএআই তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পণ্যের জন্য সেবা নেবে। বিশেষ করে ইনফারেন্স ও রিজনিং মডেল চালাতে এই অবকাঠামো ব্যবহার করা হবে। এসব মডেল উত্তর দেওয়ার আগে কিছু সময় নিয়ে ভাবার সক্ষমতা রাখে। ধাপে ধাপে ২০২৮ সাল পর্যন্ত এই কম্পিউটিং সক্ষমতা চালু হবে।
সেরেব্রাসের প্রধান নির্বাহী অ্যান্ড্রু ফেল্ডম্যান জানান, গত বছরের আগস্টে দুই প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা শুরু হয়। তখন সেরেব্রাস দেখায়, ওপেনএআইয়ের ওপেন সোর্স মডেলগুলো তাদের চিপে প্রচলিত জিপিইউয়ের তুলনায় আরও দক্ষভাবে চলে। কয়েক মাস আলোচনার পর এই চুক্তিতে পৌঁছায় দুই পক্ষ।
ওপেনএআই তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় জানিয়েছে, সেরেব্রাসকে তাদের কম্পিউটিং সমাধানের অংশ করা মানে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিক্রিয়া আরও দ্রুত করা।
এই চুক্তি সেরেব্রাসের জন্যও গুরুত্বপূর্ণ। কারণ এতে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান জি৪২-এর ওপর তাদের নির্ভরতা কমবে। জি ৪২ এতদিন সেরেব্রাসের বড় বিনিয়োগকারী ও গ্রাহক ছিল। ২০১৫ সালে প্রতিষ্ঠিত সেরেব্রাস ওয়েফার স্কেল ইঞ্জিন নামে পরিচিত বড় আকারের চিপ তৈরি করে, যা এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করছে। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান সেরেব্রাসের প্রাথমিক বিনিয়োগকারীদের একজন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেরেব্রাস চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর আগে ২০২৪ সালে আইপিওর উদ্যোগ নিলেও তা স্থগিত করা হয়েছিল। একই সঙ্গে ওপেনএআই নিজেও ভবিষ্যতে আইপিওর পথে হাঁটতে পারে বলে জানিয়েছে রয়টার্স। এতে প্রতিষ্ঠানটির মূল্যায়ন এক ট্রিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।
স্যাম অল্টম্যান আগেই বলেছেন, ওপেনএআই প্রায় ১.৪ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করে ৩০ গিগাওয়াট কম্পিউটিং সক্ষমতা গড়ে তুলতে চায়, যা প্রায় ২.৫ কোটি মার্কিন বাড়ির বিদ্যুৎ ব্যবহারের সমান।
তবে বিপুল বিনিয়োগ ও দ্রুত বাড়তে থাকা মূল্যায়ন নিয়ে সতর্ক করছেন বিনিয়োগকারী ও বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা, কৃত্রিম বুদ্ধিমত্তা খাত ডটকম যুগের মতো একটি বুদবুদের দিকে এগোচ্ছে কি না, তা সময়ই বলে দেবে।