বিনামূল্যের ৭ গুগল এআই টুল, পেইড অ্যাপের চেয়েও ভালো

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১৬:৪২

বিনামূল্যের ৭ গুগল এআই টুল, পেইড অ্যাপের চেয়েও ভালো
ছবি : সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর শুধু বড় প্রতিষ্ঠান বা বিশেষজ্ঞদের মধ্যে সীমাবদ্ধ নয়। পড়াশোনা, কাজ, কনটেন্ট তৈরি কিংবা ব্যবসা পরিচালনায় এআই হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ সহকারী। কিন্তু বেশিরভাগ শক্তিশালী এআই টুল ব্যবহার করতে মাসিক সাবস্ক্রিপশন প্রয়োজন হয়। এমন পরিস্থিতিতে গুগল বিনামূল্যে যেসব এআই টুল উন্মুক্ত করেছে, সেগুলো ব্যবহারকারীদের জন্য বড় সুযোগ তৈরি করেছে।

এই টুলগুলো ব্যবহার করে ওয়েব অ্যাপ তৈরি, গবেষণাকে ভিডিওতে রূপান্তর, প্রেজেন্টেশন বানানো, পেশাদার মানের ছবি তৈরি, ভিডিও অ্যানিমেশন এবং স্টুডিও মানের অডিও তৈরি করা সম্ভব। শিক্ষার্থী, কনটেন্ট ক্রিয়েটর, শিক্ষক ও ক্ষুদ্র ব্যবসার জন্য এসব টুল বিশেষভাবে উপযোগী।

নোটবুকএলএম ভিডিও ওভারভিউ (NotebookLM Video Overviews)

২০২৩ সালে চালু হওয়া নোটবুকএলএম এখন ভিডিও ওভারভিউ সুবিধা দিচ্ছে। ব্যবহারকারী ডকুমেন্ট, আর্টিকেল কিংবা পিডিএফ আপলোড করে সেগুলো থেকে ব্যাখ্যামূলক ভিডিও তৈরি করতে পারেন। টুলটি কনটেন্ট পড়ে স্ক্রিপ্ট তৈরি করে এবং ভিজ্যুয়াল ও উদ্ধৃতি যুক্ত করে ভিডিও বানায়। এটি ৮০টির বেশি ভাষা সমর্থন করে।

গুগল এআই স্টুডিও বিল্ড (Google AI Studio Build)

এই টুল সাধারণ ভাষার নির্দেশনা থেকে কার্যকর ওয়েব অ্যাপ তৈরি করে। ব্যবহারকারী শুধু কী বানাতে চান তা লিখলেই টুলটি ইন্টারফেস ও ফাংশন তৈরি করে দেয়। রঙ, ফিল্ড কিংবা লোগো সহজেই পরিবর্তন করা যায়। দ্রুত প্রোটোটাইপ তৈরিতে এটি খুব কার্যকর।

ওয়ার্কস্পেস স্টুডিও (Google Workspace Studio)

ওয়ার্কস্পেস স্টুডিও ব্যবহার করে স্বয়ংক্রিয় কাজের ধারা তৈরি করা যায়। সাধারণ ভাষায় নির্দেশ দিলে টুলটি নিজে থেকেই ওয়ার্কফ্লো সাজিয়ে দেয়। প্রযুক্তিগত জ্ঞান ছাড়াই জটিল কাজ স্বয়ংক্রিয় করা সম্ভব।

জেমিনি ক্যানভাস (Gemini Canvas)

ডকুমেন্ট থেকে প্রেজেন্টেশন তৈরির জন্য এই টুলটি ব্যবহৃত হয়। বিষয়ভিত্তিক স্লাইড, ছবি ও গ্রাফ স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়। প্রয়োজন অনুযায়ী সহজ ভাষায় পরিবর্তন করা যায় এবং সরাসরি গুগল স্লাইডসে সংরক্ষণ করা যায়।

পোমেল্লি (Pomelli)

পোমেল্লি ব্র্যান্ড মার্কেটিংয়ের জন্য তৈরি একটি এআই টুল। এটি ওয়েবসাইট বিশ্লেষণ করে ব্র্যান্ডের রঙ, স্টাইল ও ভাষা বুঝে সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরি করে। বর্তমানে এটি সীমিত কিছু দেশে পরীক্ষামূলকভাবে চালু রয়েছে।

ইমাজেন ৪ (Imagen 4)

এই টুল বিস্তারিত বর্ণনার মাধ্যমে পেশাদার মানের ছবি তৈরি করে। প্রোডাক্ট মকআপ, মার্কেটিং ভিজ্যুয়াল ও সৃজনশীল ছবি বানাতে এটি কার্যকর। ছবিতে স্বচ্ছতার জন্য বিশেষ ওয়াটারমার্ক যুক্ত থাকে।

মাল্টি স্পিকার অডিও জেনারেশন (Multi-speaker audio generation)

এই ফিচার ব্যবহার করে একাধিক কণ্ঠে স্বাভাবিক কথোপকথনের মতো অডিও তৈরি করা যায়। এটি ২৪টির বেশি ভাষা ও বিভিন্ন কণ্ঠ সমর্থন করে। পডকাস্ট বা ভয়েস কনটেন্ট তৈরিতে এটি বেশ সহায়ক।

সব মিলিয়ে এসব বিনামূল্যে গুগল এআই টুল পেইড অ্যাপের শক্ত বিকল্প হয়ে উঠছে। যদিও কিছু টুলে ব্যবহারের সীমা ও পরীক্ষামূলক সুবিধা রয়েছে, তবুও সঠিক নির্দেশনা দিলে এগুলো দিয়ে পেশাদার মানের কাজ করা সম্ভব।

সূত্র :  ইন্ডিয়ান এক্সপ্রেস

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন