নিজস্ব মেসেজিং অ্যাপ বন্ধ করছে স্যামসাং
স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তনের বার্তা দিয়েছে স্যামসাং। দীর্ঘদিন ব্যবহৃত তাদের নিজস্ব মেসেজিং অ্যাপটি শিগগিরই বন্ধ করে দেওয়া হবে। ফলে যারা এখনো এই অ্যাপ ব্যবহার করছেন, তাদের বিকল্প ব্যবস্থায় যেতে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
প্রযুক্তি জগতে এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে, যেখানে ধীরে ধীরে একক প্ল্যাটফর্মে ব্যবহার বাড়ছে।
স্যামসাং জানিয়েছে, আগামী জুলাই মাসে তাদের মেসেজিং অ্যাপটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ইতোমধ্যে ব্যবহারকারীদের গুগলের মেসেজিং অ্যাপে স্থানান্তরের জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। যেসব ফোনে এখনো পুরোনো সংস্করণের অ্যান্ড্রয়েড রয়েছে, সেগুলোর জন্যও আলাদা নির্দেশনা রয়েছে।
প্রতিষ্ঠানটি অনেক বছর ধরেই গ্যালাক্সি সিরিজের ফোনে নিজস্ব মেসেজিং অ্যাপ যুক্ত করে দিত। তবে ২০২১ সাল থেকেই ধীরে ধীরে গুগলের মেসেজিং অ্যাপের দিকে ঝুঁকতে শুরু করে তারা। পরবর্তীতে ২০২৪ সাল থেকে নতুন ফোনে নিজস্ব অ্যাপ আর আগের মতো যুক্ত করা হয়নি।
নতুন মেসেজিং অ্যাপে উন্নত কিছু সুবিধা রয়েছে। এর মধ্যে রয়েছে উন্নত চ্যাটিং ব্যবস্থা, টাইপ করার সময় ইঙ্গিত দেখা, সহজ গ্রুপ চ্যাট এবং উচ্চমানের ছবি পাঠানোর সুযোগ। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্প্যাম শনাক্তকরণ, একাধিক ডিভাইসে বার্তা ব্যবহারের সুবিধা এবং বিল্ট-ইন স্মার্ট ফিচার যুক্ত রয়েছে।
স্যামসাং জানিয়েছে, অ্যাপটি বন্ধ হয়ে গেলে স্বাভাবিক বার্তা আদান-প্রদান আর সম্ভব হবে না। তবে জরুরি সেবায় বার্তা পাঠানো চালু থাকবে। জুলাই মাসের নির্দিষ্ট কোন দিনে এই সেবা বন্ধ হবে, তা এখনো জানানো হয়নি।
গ্যালাক্সি এস২৬ মডেলের ফোনে ইতোমধ্যে এই অ্যাপ ডাউনলোডের সুযোগ নেই। আর জুলাইয়ের পর অন্য ফোনেও এটি আর ডাউনলোড করা যাবে না। তবে অ্যান্ড্রয়েড ১১ বা তার আগের সংস্করণ ব্যবহারকারীরা আপাতত এই পরিবর্তনের বাইরে থাকবেন। তবুও তাদেরও আধুনিক ও সমর্থিত অ্যাপে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, পুরোনো কিছু স্মার্টঘড়ির ক্ষেত্রেও প্রভাব পড়বে। যেসব ঘড়ি পুরোনো অপারেটিং সিস্টেমে চলে, সেগুলোতে পুরো কথোপকথনের ইতিহাস দেখা যাবে না। তবে নতুন প্রজন্মের ঘড়িতে এই সমস্যা হবে না।
ব্যবহারকারীদের জন্য পরামর্শ হিসেবে বলা হয়েছে, নতুন মেসেজিং অ্যাপ ডাউনলোড করে সেটিকে ডিফল্ট হিসেবে নির্ধারণ করলেই সহজে এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া যাবে।
সূত্র : সিনেট