আই নিরাপত্তায় চীনের সঙ্গে কাজ করা উচিত যুক্তরাষ্ট্রের: এনভিডিয়া প্রধান
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ঝুঁকি মোকাবিলায় চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং। তার মতে, উন্নত এআই প্রযুক্তির নিরাপদ বিকাশ নিশ্চিত করতে বিভিন্ন দেশের মধ্যে আলোচনা ও সহযোগিতা জরুরি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনে সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হুয়াং বলেন, এআইয়ের ঝুঁকি ও নিরাপত্তা নিয়ে চীনা গবেষকদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আরও আলোচনা করা উচিত। এ বিষয়ে যুক্তরাজ্যও বিভিন্ন দেশকে আলোচনার টেবিলে আনতে পারে বলে মনে করেন তিনি।
হুয়াং বলেন, প্রযুক্তির নিরাপদ বিকাশ নিশ্চিত করতে দেশগুলোর একসঙ্গে কাজ করা প্রয়োজন। তিনি নিজেও চীনের কয়েকজন গবেষকের সঙ্গে নিয়মিত কথা বলেন। যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্যেরও এ ধরনের আলোচনা বাড়ানোর পক্ষে মত দিয়েছেন তিনি।
উন্নত এআই মডেলের সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো প্রতিষ্ঠানের গবেষকেরা এআই উন্নয়নের গতি কমানো এবং প্রযুক্তিটির ঝুঁকি মোকাবিলায় আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে হুয়াং কঠোর নিয়ন্ত্রণের বদলে আন্তর্জাতিক সংলাপ ও সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে আসছেন।
এআইয়ের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীন সরকারের মধ্যেও আলোচনা হয়েছে। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফেং আনুষ্ঠানিকভাবে এআই বিষয়ে দুই দেশের সংলাপ শুরুর সম্ভাবনা নিয়ে কথা বলেন। জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ঘটনা জানানোর একটি ব্যবস্থাও আলোচনায় ছিল।
চীনা সরকারের বিবৃতি অনুযায়ী, দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, প্রতিযোগিতা থাকলেও এআই নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার সুযোগ রয়েছে। এআইয়ের ঝুঁকি ও সুবিধা নিয়ে মতবিনিময় এবং প্রযুক্তিটির অপব্যবহার ঠেকাতে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।