ইনস্টাগ্রামে অচেনা ফলোয়ার সরানোর সহজ উপায়
ইনস্টাগ্রামে অচেনা বা সন্দেহজনক ফলোয়ার নিয়ে সমস্যা এখন অনেক ব্যবহারকারীর জন্য সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এসব স্প্যাম বা বট অ্যাকাউন্ট শুধু এনগেজমেন্ট কমায় না, অনেক সময় অ্যাকাউন্টের নিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করে। তাই ব্যবহারকারীদের জন্য এসব ফলোয়ার চিহ্নিত ও অপসারণের সুযোগ সহজ করেছে ইনস্টাগ্রাম।
ইনস্টাগ্রামের নতুন ব্যবস্থায় সন্দেহজনক ফলোয়ারগুলোকে আলাদা একটি তালিকায় রাখা হয়, যাতে ব্যবহারকারী সহজেই সেগুলো যাচাই করতে পারেন। ফলোয়ার তালিকায় থাকা ‘পোটেনশিয়াল স্প্যাম’ বিভাগে গিয়ে এসব অ্যাকাউন্ট অনুমোদন বা সরিয়ে ফেলা যায়।
ব্যবহারকারী চাইলে একসঙ্গে সব সম্ভাব্য স্প্যাম ফলোয়ারও সরাতে পারেন। এ ক্ষেত্রে সরানো অ্যাকাউন্টগুলো কোনো নোটিফিকেশন পাবে না। ফলে ব্যবহারকারীর গোপনীয়তা অক্ষুণ্ণ থাকে।
ইনস্টাগ্রামে স্প্যাম ফিল্টার অন বা অফ করার সুবিধাও রয়েছে। সেটিংস থেকে ফলোয়ারস অপশনে গিয়ে এই ফিল্টার নিয়ন্ত্রণ করা যায়, যা অচেনা বা সন্দেহজনক অ্যাকাউন্ট প্রতিরোধে সহায়তা করে।
এছাড়া ব্যক্তিগত (প্রাইভেট) অ্যাকাউন্টের ক্ষেত্রে নির্দিষ্ট ফলোয়ারও আলাদাভাবে সরানো সম্ভব। ফলোয়ার তালিকা থেকে সরানোর পর সেই ব্যবহারকারী আর কোনো নোটিফিকেশন পান না।
সব মিলিয়ে, ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের নিজের অ্যাকাউন্টে কারা যুক্ত থাকবে তা নিয়ন্ত্রণের জন্য আরও শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা দিয়েছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া