আইফোন চার্জে যে ভুলগুলো ব্যাটারির আয়ু কমায়
আইফোন চার্জ দেওয়া যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা নয়। ভুল অভ্যাস ব্যাটারির আয়ু কমিয়ে দিতে পারে, এমনকি ডিভাইসের ক্ষতিও করতে পারে। বিশেষ করে অতিরিক্ত তাপই লিথিয়াম আয়ন ব্যাটারির সবচেয়ে বড় শত্রু। তাই চার্জ দেওয়ার সময় কিছু বিষয় এড়িয়ে চলা জরুরি।
সবসময় ১০০ শতাংশ চার্জ করা
আইফোন ১০০ শতাংশ পর্যন্ত চার্জ নিতে পারলেও সবসময় পূর্ণ চার্জ করা ভালো নয়। এতে ব্যাটারিতে উচ্চ ভোল্টেজ চাপ পড়ে, যা দীর্ঘমেয়াদে ব্যাটারির সক্ষমতা কমিয়ে দেয়। বিশেষজ্ঞরা সাধারণত ২০ থেকে ৮০ শতাংশের মধ্যে চার্জ রাখার পরামর্শ দেন।

অপ্টিমাইজইড ব্যাটারি চার্জিং বন্ধ রাখা
অনেকে আইফোনের ‘অপ্টিমাইজইড ব্যাটারি চার্জিং’ ফিচারটি ব্যবহার করেন না। এই ফিচারটি আপনার চার্জিং অভ্যাস শিখে ৮০ শতাংশের পর চার্জ ধীরে দেয়, যাতে ব্যাটারির ওপর চাপ কম পড়ে। রাতভর চার্জ দেওয়ার ক্ষেত্রে এটি বিশেষভাবে উপকারী।

চার্জ দেওয়ার সময় ভারী কাজ করা
চার্জ দেওয়ার সময় গেম খেলা বা ভিডিও এডিটিংয়ের মতো ভারী কাজ করলে ফোন দ্রুত গরম হয়ে যায়। চার্জিং নিজেই তাপ তৈরি করে, তার সঙ্গে অতিরিক্ত প্রসেসিং যুক্ত হলে অতিরিক্ত গরম হয়ে ব্যাটারির ক্ষতি হতে পারে।

অননুমোদিত চার্জার ব্যবহার করা
যেকোনো চার্জার দিয়ে আইফোন চার্জ দেওয়া গেলেও তা নিরাপদ নাও হতে পারে। নিম্নমানের বা অননুমোদিত চার্জার অতিরিক্ত তাপ, পোর্টের ক্ষতি বা হার্ডওয়্যার সমস্যা তৈরি করতে পারে। তাই অ্যাপল অনুমোদিত বা এমএফআই সার্টিফায়েড চার্জার ব্যবহার করাই নিরাপদ।

আইফোনের ব্যাটারি ভালো রাখতে হলে শুধু চার্জ দিলেই হবে না, সঠিক নিয়মে চার্জ দিতে হবে। সামান্য কিছু অভ্যাস বদলালেই আপনার ডিভাইস দীর্ঘদিন ভালো থাকবে।