নিজস্ব এআই চিপের ব্যবহার বাড়াচ্ছে মাইক্রোসফট
এনভিডিয়ার চিপের ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের তৈরি এআই চিপের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করছে মাইক্রোসফট। আগামী বছর থেকে প্রতিষ্ঠানটির ডেটা সেন্টারে মাইয়া সিরিজের চিপ বড় পরিসরে ব্যবহার করা হবে। এতে মাইক্রোসফটের চিপ তৈরির অংশীদার মারভেল টেকনোলজির ব্যবসা বাড়ার সুযোগ তৈরি হতে পারে।
ইয়াহু ফাইন্যান্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা জানিয়েছেন, আগামী বছর থেকে মাইয়া সিরিজের চিপ কয়েক গিগাওয়াট সক্ষমতায় ব্যবহারের পরিকল্পনা রয়েছে। নিজেদের পণ্য ও সেবায় এআই মডেলের উত্তর তৈরির কাজে এসব চিপ প্রধান ব্যবস্থা হিসেবে ব্যবহার করা হবে।
মাইক্রোসফট ইতোমধ্যে মাইয়া ২০০ চিপের ব্যবহার বাড়িয়েছে। আগামী বছর থেকে পরবর্তী প্রজন্মের মাইয়া ৩০০ চিপ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এসব চিপের নকশা ও উন্নয়নে মারভেল টেকনোলজি কাজ করছে।
এনভিডিয়া এখনো এআই ডেটা সেন্টারের জিপিইউ বাজারে প্রভাবশালী। তবে মাইক্রোসফট, গুগল ও অন্যান্য বড় প্রযুক্তিপ্রতিষ্ঠান নির্দিষ্ট এআই কাজের জন্য নিজস্ব চিপ তৈরি করছে। এসব চিপ নির্দিষ্ট কাজে খরচ ও কর্মদক্ষতার সুবিধা দিতে পারে। তবে বিভিন্ন ধরনের কাজ পরিচালনায় জিপিইউ বেশি নমনীয়।
মাইক্রোসফটের পরিকল্পনা মারভেলের জন্য বড় ব্যবসার সুযোগ তৈরি করতে পারে। প্রতিবেদন অনুযায়ী, আগামী এক বছরে ডেটা সেন্টারে প্রায় ১৭৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করার পরিকল্পনা রয়েছে মাইক্রোসফটের। এর প্রায় দুই-তৃতীয়াংশ ব্যয় হতে পারে সার্ভার ও নেটওয়ার্কিং সরঞ্জামে।
মারভেল জানিয়েছে, আগামী পাঁচ বছরে কাস্টম এআই অ্যাকসেলারেটর বাজারে নিজেদের অংশ বাড়াতে চায় তারা। প্রতিষ্ঠানটির পূর্বাভাস, কাস্টম এআই চিপ ও নেটওয়ার্কিং চিপের ব্যবসার সমন্বয়ে পাঁচ বছরে আয় ১০ গুণ পর্যন্ত বাড়তে পারে। এ বছরের শুরুতে গুগলের সঙ্গে ইনফারেন্সের উপযোগী টিপিইউ চিপ তৈরি ও সরবরাহের চুক্তিও করেছে মারভেল।