মার্কিন প্রতিরক্ষা দপ্তরের জন্য চ্যাটজিপিটি ও গ্রকের বিশেষ সংস্করণ
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সামরিক ও বেসামরিক কর্মীদের জন্য চ্যাটজিপিটি ও গ্রকের বিশেষ সংস্করণ চালু করেছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ।
পেন্টাগনের প্রায় ৩০ লাখ সামরিক ও বেসামরিক কর্মী এসব কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জাম ব্যবহারের সুযোগ পাবেন। সামরিক বাহিনীর প্রয়োজন অনুযায়ী এগুলোকে বিশেষভাবে তৈরি করা হয়েছে।
চ্যাটজিপিটি মিল ও গ্রক ফর গভর্নমেন্ট নামের এই সংস্করণ দুটি পেন্টাগনের জেনএআই ডট মিল নামের কেন্দ্রীয় সুরক্ষিত ব্যবস্থায় যুক্ত হয়েছে। সেখানে আগে থেকেই গুগলের জেমিনি ব্যবহারের সুযোগ ছিল।
জেনএআই ডট মিল গত বছর চালু করা হয়। এর মাধ্যমে প্রতিরক্ষা দপ্তরের কর্মীরা সাধারণ ভোক্তা পর্যায়ের সেবার পরিবর্তে নিরাপদ ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল ব্যবহারের সুযোগ পান।
পেন্টাগনের তথ্য অনুযায়ী, ব্যবস্থাটি চালুর পর এরই মধ্যে ১৭ লাখের বেশি কর্মী এতে যুক্ত হয়েছেন। প্রতিরক্ষা দপ্তরের মোট কর্মী প্রায় ৩০ লাখ।
চ্যাটজিপিটি মিল তৈরি করা হয়েছে ওপেনএআইয়ের সরকারি ব্যবহারের উদ্যোগের আওতায়। এতে সাধারণ চ্যাটজিপিটির মতো কথোপকথন, নথি, বিভিন্ন প্রকল্প এবং নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী তৈরির সুবিধা থাকবে।
পেন্টাগন জানিয়েছে, প্রশাসনিক কাজ, সরবরাহ ব্যবস্থাপনা, পরিকল্পনা ও নীতিনির্ধারণের মতো নথিনির্ভর নিয়মিত কাজে চ্যাটজিপিটি মিল ব্যবহার করা যাবে। ভবিষ্যতে এতে আরও সুবিধা যুক্ত করা হবে।
অন্যদিকে, গ্রক ফর গভর্নমেন্টকে সামরিক কাজের জন্য আরও বিস্তৃতভাবে ব্যবহারের পরিকল্পনা করছে পেন্টাগন। এর মাধ্যমে তথ্য বিশ্লেষণ, সরবরাহ ব্যবস্থাপনা ও বিভিন্ন সামরিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করার সুযোগ থাকবে।
পেন্টাগনের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তার এসব সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে কাজের গতি বাড়ানোর পাশাপাশি তথ্যের নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হবে।
তবে নতুন দুটি ব্যবস্থায় অ্যানথ্রপিকের ক্লড মডেল না থাকাও নজর কেড়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে পেন্টাগনের মতবিরোধের পর অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ বাড়ানোর চেষ্টা করছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।
পেন্টাগন এর আগে অ্যামাজন ওয়েব সার্ভিসেস, মাইক্রোসফট, এনভিডিয়া ও রিফ্লেকশন এআইয়ের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গেও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চুক্তি করেছে।