সাবেক কর্মীর বিরুদ্ধে অ্যাপলের গোপন তথ্য ব্যবহারের অভিযোগ

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৫

সাবেক কর্মীর বিরুদ্ধে অ্যাপলের গোপন তথ্য ব্যবহারের অভিযোগ

চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ে কাজ করার সময় অ্যাপলের গোপন তথ্য ব্যবহারের অভিযোগ উঠেছে এক সাবেক কর্মীর বিরুদ্ধে। ম্যাকবুকে মিলেছে প্রমাণ।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের সাবেক কর্মী চ্যাং লিউ ২০২৬ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠানটি ছেড়ে ওপেনএআইয়ে যোগ দেন। এরপর মার্চে অ্যাপলের তৃতীয় পক্ষের ক্লাউড সংরক্ষণব্যবস্থা থেকে একটি গোপন নথি ডাউনলোড করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

অ্যাপলের দাবি, নথিটিতে বিদ্যুৎ রূপান্তরকারী একটি সার্কিটের নকশা ও সেটি কীভাবে কাজ করে তা বিশ্লেষণের জন্য ব্যবহৃত সিমুলেশন তথ্য ছিল। প্রযুক্তিটি অ্যাপলের পণ্য তৈরিতে ব্যবহৃত বা বিবেচনাধীন ছিল এবং তথ্যগুলো অত্যন্ত গোপনীয় ছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আদালতে দেওয়া নথি অনুযায়ী, লিউ ৭ মার্চ ওই সার্কিটের ফাইল ডাউনলোড করেন। পরে ১৮ মার্চ এলটিস্পাইস নামের একটি বৈদ্যুতিক প্রকৌশল সফটওয়্যারে সেটি ব্যবহার করে সিমুলেশন চালান।

অ্যাপল জানিয়েছে, ওই সিমুলেশন থেকে অন্তত তিনটি ফলাফল ফাইল তৈরি হয়। পরে সেগুলো অন্য একটি কম্পিউটার, ম্যাক মিনি থেকে লিউয়ের আইক্লাউডে আপলোড করা হয়।

লিউয়ের ম্যাকবুকও মামলায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অ্যাপলের দাবি, লিউয়ের আইক্লাউডের ফাইল ও তথ্য পরে ওই ম্যাকবুকে যুক্ত হওয়ায় তদন্তকারীরা ম্যাক মিনিতে তার কার্যক্রম সম্পর্কে তথ্য জানতে পারেন।

অ্যাপলের দাবি, ওপেনএআইয়ে লিউ এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট নিয়ে কাজ করছিলেন, যা এলটিস্পাইস চালানো, সিমুলেশনের ফলাফল পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট প্যারামিটার পরিবর্তন করতে পারত।

অ্যাপল আরও বলেছে, অভ্যন্তরীণ তদন্তের বিষয়ে জানার পর লিউ ও ওপেনএআইয়ের এক সহকর্মীর মধ্যে অ্যাপলের দেওয়া যন্ত্র পুনরায় সেট করে ব্যবহারের বিষয়ে বার্তা আদান-প্রদান হয়েছিল। প্রতিষ্ঠানটির মতে, এতে ফরেনসিক তথ্য মুছে যাওয়ার সম্ভাবনা ছিল

লিউয়ের বিরুদ্ধে আরও অভিযোগ করেছে অ্যাপল, তিনি প্রতিষ্ঠান ছাড়ার পরও এপ্রিল ২০২৬ পর্যন্ত অ্যাপলের তৃতীয় পক্ষের ক্লাউড সংরক্ষণব্যবস্থা থেকে ফাইল দেখেছেন ও ডাউনলোড করেছেন। এ কারণে ফাইল ডাউনলোডের দাবি নিয়েও প্রশ্ন তুলেছে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া ওপেনএআইয়ে ব্যবহৃত একটি প্রযুক্তি ও সংশ্লিষ্ট সফটওয়্যার প্যাকেজের নাম অ্যাপলের অভ্যন্তরীণ প্রকৌশল সরঞ্জামের সঙ্গে মিলে যাওয়ার অভিযোগও করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির মতে, এটিও গোপন তথ্য ব্যবহারের সম্ভাব্য উদাহরণ হতে পারে।

অ্যাপল বলেছে, লিউয়ের ব্যবহৃত ম্যাক মিনি ছাড়াও আরও কয়েকটি যন্ত্র পরীক্ষা করা প্রয়োজন। ফলে কথিত গোপন তথ্য ব্যবহারের পুরো পরিসর এখনো স্পষ্ট নয়।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন