আউটলুকে দীর্ঘ বিভ্রাট, সমাধানে কাজ করছে মাইক্রোসফট
কয়েক ঘণ্টা ধরে আউটলুকের সেবা ব্যাহত হওয়ার পর সমস্যা সমাধানে কাজ করছে মাইক্রোসফট। ত্রুটির কারণ শনাক্ত করে সম্ভাব্য সমাধান পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি।
সোমবার (৩১ আগস্ট) যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় (ইটি) সকাল সাড়ে ১১টার দিকে আউটলুক ব্যবহারে সমস্যার খবর আসতে শুরু করে। বাংলাদেশ সময় তখন রাত সাড়ে ৯টা। ই-মেইল পাঠানো ও গ্রহণে বিলম্ব, ত্রুটি এবং পরিচয় যাচাইসংক্রান্ত সমস্যায় পড়েন ব্যবহারকারীরা।
মাইক্রোসফট জানিয়েছে, সমস্যাটি তাদের এক্সচেঞ্জ অনলাইন সেবায় প্রভাব ফেলেছে। ব্যবসায়িক ই-মেইল, ক্যালেন্ডার, যোগাযোগের তথ্য ও কাজ ব্যবস্থাপনায় এই সেবা ব্যবহৃত হয়।
প্রতিষ্ঠানটি পরে জানায়, সমস্যার উৎস হিসেবে একটি পরিচয় যাচাই ব্যবস্থার ত্রুটি শনাক্ত করা হয়েছে। সম্ভাব্য সমাধান হিসেবে অবকাঠামোর একটি অংশে পরিবর্তনটি পরীক্ষা করা হচ্ছে।
মাইক্রোসফট বলেছে, পরীক্ষায় সমাধানটি কার্যকর প্রমাণিত হলে তা ধীরে ধীরে পুরো ব্যবস্থায় চালু করা হবে। পরিচয় যাচাই ব্যবস্থার ত্রুটিটি এক্সচেঞ্জ অনলাইনের বাইরেও অন্যান্য সেবায় প্রভাব ফেলেছে।
বিভ্রাটের কারণে অনেক ব্যবহারকারী ই-মেইল পাঠানো ও গ্রহণের পাশাপাশি মেইলের তথ্য খোঁজা এবং মেইলবক্স পরিচালনায় সমস্যায় পড়েন। পরিচয় যাচাইয়ের সময়ও ত্রুটি দেখা দেয়।
ব্যবহারকারীদের অভিযোগ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় দুপুর ২টার মধ্যে ৫ হাজারের বেশি অভিযোগ জমা পড়ে। বাংলাদেশ সময় তখন রাত ১২টা। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে সমস্যার কথা জানান।
দীর্ঘ সময় সেবা ব্যাহত হওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজে ই-মেইলের ওপর নির্ভরতার বিষয়টি আবারও সামনে এসেছে। আউটলুক ও এক্সচেঞ্জ অনলাইন বিশ্বের অনেক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা।
সোমবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৫টা পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত, মাইক্রোসফট সমস্যাটি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। পরে প্রতিষ্ঠানটি বিভ্রাটের অবস্থা নিয়ে আরও তথ্য প্রকাশ করে।
সূত্র : টেকক্রাঞ্চ